গলাচিপায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার- ৩
পটুয়াখালীর গলাচিপায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী। এ সময় তাঁদের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার পানপট্টি ইউনিয়ন এবং গলাচিপা পৌরসভার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে এসআই মো. সোহান আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তুলারাম এলাকায় অভিযান চালায়। বোয়ালিয়া থেকে পানপট্টি লঞ্চঘাটগামী পাকা সড়কের পাশে মো. সাইফুল সিকদারের দোকানে তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দোকান থেকে সাইফুল সিকদার (২৮) ও তাঁর স্ত্রী হালিমা বেগমকে (২৬) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এসআই সুমন চন্দ্র মজুমদারের নেতৃত্বে বড় সাহা বাড়ি এলাকার পলাশ সাহার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ মো. বশির মাদবর (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় ৯ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গলাচিপা থানায় মামলা হয়েছে। যার নম্বর ২০। আর গাঁজা উদ্ধারের ঘটনায় ৮ নভেম্বর দায়ের করা হয়েছে আরেকটি মামলা। যার নম্বর ১৮।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী এ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!