সাভার-ধামরাইয়ে রাতের আঁধারে দুই বাসে আগুন, ধামরাইয়ে তিন রাতে তিনটি
ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক স্থানে রাতের আঁধারে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে সাভার পরিবহন ও ডি-লিংক পরিবহনের বাস রয়েছে। ফায়ার সার্ভিসের দুটি পৃথক অভিযানে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বাস দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এবং ধামরাইয়ের শরীফবাগ এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকালে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ২টা ৫৫ মিনিটের দিকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। তাঁর প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
অন্যদিকে, ভোর ৩টা ৪০ মিনিটের দিকে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসটি নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। রাতে পার্কিং করে রাখা অবস্থায় বাসটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এতে অগ্নিসংযোগ করেছে।
এদিকে, ধামরাইয়ে বাসে আগুনের ঘটনা এবারই প্রথম নয়। গত বৃহস্পতিবার রাতে থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে এবং শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। সর্বশেষ ঘটনায় তিন রাতের ব্যবধানে ধামরাইয়ে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, বাসে আগুন দেওয়ার ঘটনাগুলো রাজনৈতিক, ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তিনটি ঘটনার মধ্যে একটি ঘটনায় বাসমালিক থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!