পটুয়াখালীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন; হামলাকারীদের গ্রেপ্তারের দাবি
পটুয়াখালীতে প্রকাশ্যে দুই সাংবাদিকের ওপর রামদা, চাপাতি ও লোহার পাইপ নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য রাজীব দেবনাথ এবং দৈনিক আজকের খবরের সাংবাদিক ইয়াহিয়া শাকুর গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে পটুয়াখালী পৌরসভার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত দুজনই বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক রাজীব দেবনাথের অভিযোগ, স্থানীয় হাসান মোল্লা ওরফে ঘাউরা হাসান ও তাঁর সহযোগীরা ধারালো রামদা, চাপাতি এবং লোহার পাইপ নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এতে রাজীবের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। অন্যদিকে ইয়াহিয়া শাকুরের ডান হাতের কব্জিতে রামদার কোপে গুরুতর জখম হয়।
রাজীব দেবনাথ জানান, হামলার আশঙ্কা থেকে আগেই মুঠোফোনে পুলিশকে বিষয়টি জানিয়েছিলেন তিনি। তবে তাঁর অভিযোগ, তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। হামলাকারীরা তাঁদের রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে চলে যাওয়ার পর সহকর্মী ও স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
রাজীবের দাবি, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এর আগেও তাঁর ওপর হামলা চালিয়েছিলেন অভিযুক্ত হাসান মোল্লা। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগও করেছিলেন তিনি। আগের ঘটনার পর এবার আবারও হামলার শিকার হলেন দুই সাংবাদিক। এ ছাড়া হামলার আগে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামানকে বিষয়টি জানিয়েছিলেন বলেও দাবি করেন রাজীব।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালে গিয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আহত সাংবাদিকদের অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরেই বিভিন্ন স্থানে অবস্থান করছেন। এতে চিকিৎসাধীন অবস্থায়ও তাঁরা নতুন করে হামলার আশঙ্কা করছেন এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, আহত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। একই সঙ্গে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!