সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

বরিশাল বিভাগে প্রথম গলাচিপার বিদ্যালয়ে চালু হলো মিড-ডে মিল, উপকৃত হবে ২১২ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১৯ ঘণ্টা আগে | ৩৭ বার পড়া হয়েছে
ফন্ট:

শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ানো এবং ঝরে পড়া রোধের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে মিড-ডে মিল (দুপুরের খাবার) পাইলটিং কার্যক্রম। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বরিশাল বিভাগের মধ্যে প্রথমবারের মতো উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রিপন কুমার দাস, মো. মজনু মোল্লা ও মো. ওয়ালীউল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোলায়মান এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মনিরা সুলতানা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মনিরা সুলতানা জানান, বর্তমানে বিদ্যালয়টিতে ২১২ জন শিক্ষার্থী রয়েছে। চালু হওয়া মিড-ডে মিল কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের প্রতিদিনের নির্ধারিত খাদ্যতালিকা অনুযায়ী ডিম ও কলা সরবরাহ করা হবে। পাশাপাশি কুপনের মাধ্যমে বিদ্যালয়ের ক্যান্টিন থেকে নিজেদের পছন্দের খাবার সংগ্রহের সুযোগ পাবে তারা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর বলেন, বরিশাল বিভাগের মধ্যে গলাচিপার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে মিড-ডে মিল কার্যক্রম চালু করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় বিদ্যালয়ে একটি ক্যান্টিন থাকবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে এবং শিক্ষার্থীরা নির্ধারিত কুপন ব্যবহার করে সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ে দুপুরের খাবারের ব্যবস্থা চালু হলে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যালয়ের প্রতি আগ্রহ ও নিয়মিত উপস্থিতি বাড়বে। একই সঙ্গে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমিয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেও কার্যক্রমটি ইতিবাচক ভূমিকা রাখবে।

বরিশাল বিভাগে এ কার্যক্রমের প্রথম পাইলটিং বিদ্যালয় হিসেবে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ উদ্যোগ স্থানীয় শিক্ষা অঙ্গনেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

শিক্ষা ও ক্যাম্পাস

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

বরিশাল বিভাগে প্রথম গলাচিপার বিদ্যালয়ে চালু হলো মিড-ডে মিল, উপকৃত হবে ২১২ শিক্ষার্থী

০১ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি