গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর প্রক্রিয়া শুরু, গঠন হলো নতুন মজুরি বোর্ড
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে গার্মেন্টস শিল্পের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের এ উদ্যোগে পোশাকশিল্পের লাখ লাখ শ্রমিকের নতুন মজুরি নির্ধারণের পথ তৈরি হলো।
রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং একই আইনের ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের লক্ষ্যে গার্মেন্টস শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
গেজেট অনুযায়ী, বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে। আর নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
এ ছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন এই মজুরি বোর্ডের মাধ্যমে পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তবে নতুন বেতন কাঠামোয় শ্রমিকদের মজুরি কতটা বাড়বে, তা নির্ধারণের বিষয়টি এখন বোর্ডের পরবর্তী কার্যক্রম ও সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।



মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!