আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল জেট, নিহত ৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবাসিক এলাকার কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় একটি বিজনেস জেটের নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। আকাশ থেকে দ্রুতগতিতে নিচে নেমে আসা উড়োজাহাজটি সড়কের পাশে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে বড় গর্তের সৃষ্টি হয় এবং আশপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ।
রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। এটি ছিল ব্যক্তিমালিকানাধীন ‘লিয়ারজেট ৬০’ মডেলের একটি বিমান।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে উল্লেখ করেন। তিনি জানান, উড়োজাহাজে থাকা নয়জনের কেউই বেঁচে নেই। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তদন্তে সহায়তা করছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
বিমানটির শেষ মুহূর্তের ককপিট কথোপকথনের রেকর্ডে পাইলটকে বরফ জমা ও মাঝারি মাত্রার ঝাঁকুনির কথা জানাতে শোনা যায়। প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বললেও কিছুক্ষণ পর বিমানটি দ্রুত উচ্চতা হারাতে থাকে। একপর্যায়ে পাইলট জরুরি সংকেত দেন এবং জানান, বিমানটি প্রতি মিনিটে ২০ হাজার ফুট গতিতে নিচে নামছে। শেষ মুহূর্তে তাঁকে বলতে শোনা যায়, ‘আমাদের আর সময় নেই।’
দুর্ঘটনার পর ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, উড়োজাহাজটি ক্ষেপণাস্ত্রের মতো নিচে নেমে এসেছিল। এতে বড় ধরনের গর্ত তৈরি হয়েছে। তবে ভূমিতে থাকা কেউ হতাহত হননি বলে জানান তিনি।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার ঝুঁকিতে আশপাশের প্রায় ৬০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উড়োজাহাজের আরোহীদের পরিচয় এবং দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: রয়টার্স, এপি ও এনবিসি নিউজ।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!