‘ভোট চুরি করে গণতন্ত্র কেড়ে নেওয়া হচ্ছে’, মোদি-শাহকে নিশানা রাহুলের; মমতার হুঁশিয়ারি
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং কথিত ভোট চুরির অভিযোগে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত এক সমাবেশে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপি এবং নির্বাচন কমিশনের সমালোচনা করেন।
সমাবেশে মমতা ব্যানার্জী অভিযোগ করেন, বিজেপি পশ্চিমবঙ্গকে লুট করছে এবং এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যকে হয়রানির শিকার করা হচ্ছে। তিনি বলেন, এসআইআরের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই অব্যাহত থাকবে, কোনোভাবেই আত্মসমর্পণ করা হবে না। গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারে রাজনৈতিক ও গণতান্ত্রিক পথেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে রাহুল গান্ধী অভিযোগ করেন, ভোট চুরির মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাঁর দাবি, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।
রাহুল বলেন, এটি শুধু ভোট চুরি নয়, বরং দেশের প্রতিটি মানুষের কণ্ঠস্বর কেড়ে নেওয়ার শামিল। তিনি আরও দাবি করেন, জ্ঞানেশ কুমার না থাকলে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না।
সমাবেশে সংবিধানের গুরুত্ব তুলে ধরে রাহুল গান্ধী বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক শক্তিই সংবিধানের ঊর্ধ্বে নয়। দেশের তরুণ, কৃষক ও সাধারণ মানুষ গণতন্ত্র ধ্বংস হতে দিতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী নেতাদের বক্তব্যে স্পষ্ট, এসআইআর ও ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া ঘিরে বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন আরও জোরদার করতে চায় ‘ইন্ডিয়া’ জোট।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!