হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা, ২৫ ক্রুকে উদ্ধার করল ওমান
হরমুজ প্রণালীতে একের পর এক জাহাজে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যেই হামলার শিকার একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার থেকে ২৫ জন ক্রুকে উদ্ধার করেছে ওমান।
শুক্রবার (৩১ অক্টোবর) ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, পানামার পতাকাবাহী ‘রিটি’ নামের বাণিজ্যিক জাহাজটি থেকে ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাহাজটি তেলবাহী ট্যাংকার বলে শনাক্ত করেছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক।
এদিকে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করায় চারটি তেলবাহী ট্যাংকার আটকে দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি জাহাজ মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায় বলে দাবি করেছে সংস্থাটি। তবে ওমানের উদ্ধার করা ট্যাংকারটি ওই চারটির একটি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, হরমুজ প্রণালীর পূর্ব অংশে শত্রুপক্ষের একটি চালকবিহীন জলযান ধ্বংস করার দাবি করেছে ইরানের নৌবাহিনী।
তবে সমুদ্রপথে মাইন থাকার দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধান নৌপথ থেকে ইরানি মাইন অপসারণ করা হয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৭০ শতাংশ কমে গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন নৌপথে অস্থিরতা বিরাজ করছে।
সূত্র: আল জাজিরা
