শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

ভারতের নেভিগেশন ব্যবস্থায় নতুন মাইলফলক, মহাকাশে উৎক্ষেপণ ‘ন্যাভিক’-এর নতুন স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক (ভেরিফাইড) | ১ ঘণ্টা আগে | ৩ বার পড়া হয়েছে
ফন্ট:

ভারতের নিজস্ব নেভিগেশন ব্যবস্থা ‘ন্যাভিক’কে আরও শক্তিশালী করতে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে নতুন স্যাটেলাইট ‘এনভিএস-০৩’। দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই সাফল্যকে স্বাধীন ও নির্ভুল নেভিগেশন ব্যবস্থা গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে জিএসএলভি-এফ১৮ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। সফলভাবে নির্ধারিত কক্ষপথে উপগ্রহটি স্থাপনের পর ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেন, এর মাধ্যমে নির্ভুল সময় নির্ধারণ ও দিকনির্দেশনা ব্যবস্থায় ভারত আরও এক ধাপ এগিয়ে গেল।

এ সাফল্যে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধের অভিজ্ঞতার পর নিজস্ব স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয় ভারত। সেই উদ্যোগের ধারাবাহিকতায় তৈরি হয় ‘ন্যাভিক’। ভারতের সীমানার পাশাপাশি দেশের আশপাশের প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার এলাকায় অবস্থান ও সময়সংক্রান্ত তথ্য সরবরাহ করতে সক্ষম এই ব্যবস্থা।

তবে ন্যাভিক প্রকল্পের পথ সব সময় মসৃণ ছিল না। বিশেষ করে আমদানি করা পারমাণবিক ঘড়িতে ত্রুটি দেখা দেওয়ায় আগের কয়েকটি স্যাটেলাইটের কার্যকারিতা ব্যাহত হয়। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে নতুন স্যাটেলাইট এনভিএস-০৩-এ যুক্ত করা হয়েছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি পারমাণবিক ঘড়ি। এর ফলে নেভিগেশন প্রযুক্তিতে বিদেশি নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগোল দেশটি।

নতুন স্যাটেলাইটটিতে যুক্ত করা হয়েছে এল১ (L1) ব্যান্ডের সংকেতও। এর ফলে ভবিষ্যতে সাধারণ মানুষের স্মার্টফোন, বিমান চলাচল এবং পরিবহন ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে ন্যাভিকের ব্যবহার আরও সহজ ও কার্যকর হতে পারে।

বিশ্লেষকদের মতে, এনভিএস-০৩ একাই ন্যাভিক নেটওয়ার্কের সব সীমাবদ্ধতা দূর করতে না পারলেও ভারতের নিজস্ব ও স্বাধীন নেভিগেশন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষ করে দেশীয় প্রযুক্তিতে পারমাণবিক ঘড়ি তৈরি ও ব্যবহারের সক্ষমতা ভারতের মহাকাশ প্রযুক্তিকে আরও শক্তিশালী করবে।

আন্তর্জাতিক

ভারতের নেভিগেশন ব্যবস্থায় নতুন মাইলফলক, মহাকাশে উৎক্ষেপণ ‘ন্যাভিক’-এর নতুন স্যাটেলাইট

৩১ October ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি