সোমবার, ০২ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গ্রামবাসী কিনলেন খেলার মাঠ, এবার পাশে দাঁড়াল সরকার

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ২১ ঘণ্টা আগে | ১৮ বার পড়া হয়েছে
ফন্ট:

নিজেদের উদ্যোগে ও অর্থায়নে খেলার মাঠ কিনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। এবার গ্রামবাসীর সেই প্রশংসনীয় উদ্যোগে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশে আরও জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে শিশু-কিশোরদের জন্য গড়ে উঠবে আরও বড় ও আধুনিক খেলার মাঠ।

রোববার (১ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, বাবুপুরবাসীর নিজস্ব অর্থায়নে খেলার মাঠ কেনার উদ্যোগের ভিডিও প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) ও দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। গ্রামবাসীর পাশে দাঁড়িয়ে একটি পরিপূর্ণ ও আধুনিক খেলার মাঠ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস বাবুপুর গ্রামে দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য কোনো স্থায়ী মাঠ ছিল না। এ সংকট দূর করতে গ্রামের তরুণ ও উদ্যোক্তারা এগিয়ে আসেন। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে চাঁদা দেন। সেই অর্থে ৬০ শতাংশ জমি কিনে সম্প্রতি মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

গ্রামবাসীর এমন ব্যতিক্রমী উদ্যোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা সরকারের নীতিনির্ধারকদের নজরে আসে। এরপর মাঠটির পরিসর বাড়াতে সরকারি উদ্যোগ নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার একটি সামগ্রিক বাজেট উপস্থাপন করা হয়েছে। সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ শুরুর পরিকল্পনা রয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই ইতিবাচক উদ্যোগ দেশের অন্যান্য গ্রামেও অনুপ্রেরণা জোগাবে। স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে খেলাধুলার সুস্থ পরিবেশ, বিকশিত হবে নতুন প্রজন্মের প্রতিভা।

খেলাধুলা

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

গ্রামবাসী কিনলেন খেলার মাঠ, এবার পাশে দাঁড়াল সরকার

০১ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি