অ্যানফিল্ডে আজ হাইভোল্টেজ লড়াই, মুখোমুখি আর্সেনাল-লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট আর্সেনাল ও লিভারপুল। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ।
লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল। আট ম্যাচে সাত জয় ও ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গানাররা আজ জিতলেই উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।
অন্যদিকে আট ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে মাঠে নামবে লিভারপুল। সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে থাকলেও অ্যানফিল্ডে লিগের ম্যাচে ধারাবাহিকতা নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে তাদের।
তবে আর্সেনালের বিপক্ষে নিজেদের মাঠে লিভারপুলের রেকর্ড বেশ শক্তিশালী। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে গানারদের বিপক্ষে সর্বশেষ ১৩ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। ফলে শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে নামা আর্সেনালের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
আর্সেনালের শক্তিশালী রক্ষণ ও সেট-পিস নির্ভর আক্রমণের বিপরীতে লিভারপুল ভরসা রাখবে নিজেদের আক্রমণভাগ ও ঘরের মাঠের সমর্থকদের ওপর।
সব মিলিয়ে শীর্ষস্থান দখলের লড়াই, ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা আর দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স—সব মিলিয়ে অ্যানফিল্ডে আজ জমজমাট ফুটবল লড়াইয়ের অপেক্ষা।



মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!