এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর, সুযোগ পারবেন যারা
এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড। আগামী ২ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে প্রশ্নপত্র প্রণয়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ডিসেম্বরে অনুষ্ঠেয় এ সম্পূরক পরীক্ষায় এক থেকে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। তবে পুনর্নিরীক্ষণের ফলাফলের ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়।
কর্মপরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে। এরপর আগামী ২ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফল প্রকাশের জন্য ৩১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর। শিক্ষার্থীরা ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের তথ্য ৮ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কাছ থেকে সংগ্রহ করা হবে।
এরপর ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের জন্য পরীক্ষক নিয়োগ ও উত্তরপত্র সংগ্রহ করা হবে। ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কার্যক্রম। ২০ নভেম্বরের মধ্যে নম্বর পরিবর্তনসংক্রান্ত বিবরণী ও উত্তরপত্র কম্পিউটার সেলে পাঠাতে হবে।
পরবর্তী সময়ে ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পরিবর্তিত নম্বর এন্ট্রি ও উত্তরপত্রের তথ্য যাচাই করা হবে। ২৪ থেকে ২৬ নভেম্বর চলবে চূড়ান্ত যাচাই কার্যক্রম। সবশেষে ২৭ নভেম্বর প্রকাশ করা হবে পুনর্নিরীক্ষণের ফলাফল।
পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর সাপ্লিমেন্টারি পরীক্ষায় কারা অংশ নিতে পারবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!