সিরাজগঞ্জে এইচএসসির ফলে ধস, ১১ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
সিরাজগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে বড় ধরনের অবনতি হয়েছে। এবার জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৮৮ শতাংশ, যা গত বছরের তুলনায় ২১ দশমিক ৫২ শতাংশ কম। জেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর জেলার ৯টি উপজেলার ২০১টি প্রতিষ্ঠানের ২২ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৮ হাজার ৫৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ১৪ হাজার ৭৯ জন। মোট জিপিএ-৫ পেয়েছেন ৩০১ জন।
ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। ছাত্রীদের পাসের হার ৪৬ দশমিক ২৬ শতাংশ, আর ছাত্রদের ২৯ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০২ জন ছাত্রী এবং ৯৯ জন ছাত্র।
শিক্ষার্থী ও শিক্ষকদের মতে, পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা, প্রস্তুতির জন্য কম সময়, প্রশ্নের ধরনে পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব ফল বিপর্যয়ের অন্যতম কারণ। অন্যদিকে জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম শিক্ষার্থীদের মুঠোফোনে আসক্তি, শ্রেণিকক্ষে অনুপস্থিতি ও কোচিংনির্ভরতাকেও দায়ী করেছেন।
তিনি জানান, যেসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি, সেগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রতিষ্ঠানপ্রধানদের ডেকে ফলাফল পর্যালোচনা করা হবে। প্রয়োজনীয় উন্নতি না হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।

মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!