ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি হয়েছে ৪৩৯ জনের
দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ডেঙ্গুর প্রকোপেও পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ২ হাজার ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ৪৩৯ জনের।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। আর বাকি একজনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৯৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রয়েছেন।
সরকারের তথ্যানুযায়ী- চলতি বছরের এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে যে ৪৩৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ২০৮ জন। আর খুলনা বিভাগে ৮০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!