প্রবীণ সাংবাদিক সুবীর বসাকের মৃত্যু, কিশোরগঞ্জে শোকের ছায়া
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক সুবীর বসাক আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী রমা বসাক, তিন ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি নিঃসন্তান ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে কিশোরগঞ্জ শহরের সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের ৩২ আমলীতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সাংবাদিক সুবীর বসাক চার দশকেরও বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন। সাংবাদিকতার পাশাপাশি ছড়া ও লিমেরিক রচনায়ও তার বিশেষ পারদর্শিতা ছিল। দেশের বিভিন্ন সংবাদপত্র ও সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছে তার অসংখ্য ছড়া ও লিমেরিক।
তার মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।


মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!