গলাচিপায় জাতীয় যুব দিবস উদ্যাপন, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান
\\\'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবহান এবং প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। তরুণদের মেধা, শ্রম, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। দক্ষ ও কর্মক্ষম যুবসমাজ গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি আত্মনির্ভরশীল ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মমুখী দক্ষতা অর্জনও জরুরি। তরুণদের সময়োপযোগী প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহজ শর্তে সহায়তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে হবে।
তাঁরা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে শিক্ষা, খেলাধুলা, সামাজিক উন্নয়ন এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত তরুণ প্রজন্মই পারে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে।
সভা থেকে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ বৃদ্ধি এবং তরুণ উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা জোরদারের আহ্বান জানানো হয়। একই সঙ্গে জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে যুবসমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!