দেশে হাম ও ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের
দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। একদিকে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, অন্যদিকে ডেঙ্গুর প্রকোপেও পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ছয়জন। অর্থাৎ, একদিনেই এই দুই রোগে প্রাণ গেছে অন্তত ৯ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
হামে নতুন আক্রান্ত ১ হাজার ৫৪৮ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৯২ জন। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৫৬ জন।
হাম উপসর্গে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন চট্টগ্রাম বিভাগের, একজন বরিশাল বিভাগের এবং অন্যজন রংপুর বিভাগের বাসিন্দা।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৫২ জন।
একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯৯১ জন।
এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০
হামের পাশাপাশি ডেঙ্গুর সংক্রমণও বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে জানানো হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৯০০ জন। এ ছাড়া খুলনায় ২৯৪, চট্টগ্রামে ২৫২, বরিশালে ১৮৩, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৯৫, রংপুরে ৭১ এবং সিলেট বিভাগে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪৩৩ জনের মধ্যে শুধু অক্টোবর মাসেই প্রাণ হারিয়েছেন ১৮৮ জন। সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা গেছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩২ হাজার ৪৮৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৬ হাজার ১৭ জন।
বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি
হাম ও ডেঙ্গু—দুই রোগের সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের সংক্রমণ এবং ডেঙ্গুতে প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর হাসপাতালে ভর্তি হওয়া পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলছে।
এ অবস্থায় জ্বর, শরীরে র্যাশ কিংবা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা।
মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!