শীলার রহস্যজনক মৃত্যু: স্বামীকে গ্রেপ্তারের দাবিতে রাঙ্গাবালীতে বিক্ষোভ, পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন, মামলা গ্রহণ এবং তাঁর স্বামী রাসেল মাহমুদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা। দাবি পূরণে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা।
সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে মানববন্ধনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষুব্ধরা মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গাবালী থানার সামনে অবস্থান নেন।
এ সময় নিহত শীলার ছেলে রাফিনসহ পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শীলার মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ করে তাঁর স্বামী রাসেল মাহমুদকে গ্রেপ্তার করতে হবে। দুপুর ২টা পর্যন্ত থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা গ্রহণের আশ্বাস দেয় পুলিশ। নিহতের ছোট ভাই রাইসুল ইসলাম কমল বাদী হয়ে মামলাটি করছেন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বাহেরচর বাজার এলাকার নিজ বসতঘর থেকে ফারহানা ইয়াসমিন শীলার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বাবা প্রয়াত সাজাদুল ইসলাম শামীম ছিলেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। অন্যদিকে, তাঁর স্বামী রাসেল মাহমুদ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
শীলার স্বামীর দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে এ মৃত্যুকে ঘিরে স্বজনদের মধ্যে তৈরি হয়েছে নানা সন্দেহ। তাঁদের আশঙ্কা, শীলাকে হত্যা করা হয়ে থাকতে পারে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!