‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম’- ৯ মাসের কঠিন লড়াই শেষে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি,
মস্তিষ্কে টিউমার, অস্ত্রোপচার, দীর্ঘ চিকিৎসা আর কেমোথেরাপি—জীবনের কঠিন এক অধ্যায় পেরিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ ৯ মাসের বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন তিনি। তাঁর এই প্রত্যাবর্তন শুধু নতুন কাজের শুরু নয়, বরং অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নতুন করে পথচলার এক আবেগঘন মুহূর্ত।
ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী। গত ২৬ অক্টোবর শুরু হওয়া নাটকটির শুটিং টানা দুই দিনে শেষ করেছেন তিনি।
দীর্ঘদিন পর শুটিং সেটে ফিরে সহকর্মীদের ভালোবাসা, আন্তরিকতা ও বিশেষ যত্নে আবেগাপ্লুত হয়ে পড়েন তানিয়া। ফেরার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘শুটিংয়ে সবার আন্তরিকতা আমাকে ইমোশনাল করেছে। পরিচালক থেকে শুরু করে সেটের প্রত্যেকেই আমার প্রতি আলাদা যত্ন নিয়েছেন। সবার এই ভালোবাসা ও সহযোগিতা আমার চোখে পড়েছে। দীর্ঘদিন পর কাজে ফিরে এমন পরিবেশ পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। নতুন করে কাজ করার উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি। সবার আন্তরিকতা আমাকে বুঝিয়েছে, তারা আমার ফেরার অপেক্ষায় ছিলেন।’
এর আগে গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন তানিয়া। তখন তিনি বলেছিলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচারের পর শুরু হয় কেমোথেরাপি।
অসুস্থতার সময়ের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে আগের এক ফেসবুক লাইভে তানিয়া বলেছিলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।’ দীর্ঘ চিকিৎসার সময় অভিনয় ও শুটিংকে ভীষণ মিস করেছেন বলেও জানিয়েছিলেন তিনি।
এদিকে, যে নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছেন তানিয়া, সেই ‘অংশীদার’-এর গল্পেও রয়েছে সমাজের গুরুত্বপূর্ণ একটি বার্তা। নাটকটিতে তুলে ধরা হয়েছে নারীর উত্তরাধিকার এবং পারিবারিক সম্পত্তিতে মেয়েদের ন্যায্য অধিকারের বিষয়টি।
গল্পে দেখা যাবে, বাবার মৃত্যুর পর দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করেন তাঁদের চাচা ও পরিবারের অন্য সদস্যরা। একপর্যায়ে নিজের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠেন বড় বোন।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার, দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাস্টার, কাকন চৌধুরী ও তাসমিয়াহ টিনা।
নির্মাতা জানিয়েছেন, নাটকটি শিগগিরই প্রচারিত হবে এটিএন বাংলায়। পরবর্তী সময়ে দর্শকরা এটি দেখতে পারবেন ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।
দীর্ঘ অসুস্থতা ও চিকিৎসার কঠিন সময় পেরিয়ে তানিয়া বৃষ্টির এই প্রত্যাবর্তনে নতুন করে আশাবাদী তাঁর ভক্ত-অনুরাগীরা। পর্দায় আবারও প্রিয় অভিনেত্রীকে দেখতে অপেক্ষায় রয়েছেন দর্শকরা।



মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!