মৌসুমীর জন্মদিনে ওমর সানীর আবদার, উপহার চান ১০ লাখ
স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন ঘিরে বরাবরই আবেগপ্রবণ ও উচ্ছ্বসিত চিত্রনায়ক ওমর সানী। প্রতিবছরই প্রিয় মানুষটির বিশেষ দিনটি ঘিরে থাকে নানা আয়োজন। তবে এবার স্ত্রীর জন্মদিনে ভক্ত-অনুরাগীদের কাছে একটু ব্যতিক্রমী আবদার জানালেন এই অভিনেতা। জন্মদিনের উপহার হিসেবে নিজের ফেসবুক আইডিতে ১০ লাখ বা এক মিলিয়ন অনুসারী পূর্ণ করতে চান তিনি!
আগামীকাল (৩ নভেম্বর) ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর জন্মদিন। বিশেষ এই দিনটিকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ওমর সানী। সেখানে বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের সহযোগিতা চেয়ে তিনি লিখেছেন, ‘১ মিলিয়ন, ইনশাআল্লাহ আর কয়েকটা দিন বাকি। আগামীকাল মৌসুমীর জন্মদিন। সবাই মিলে কালকেও করতে পারেন ওয়ান মিলিয়ন আমার এই আইডির। মাই প্লেজার।’
অর্থাৎ, স্ত্রীর জন্মদিনের আনন্দকে আরও বিশেষ করে তুলতে নিজের ফেসবুক অনুসারীর সংখ্যা ১০ লাখে পৌঁছানোর স্বপ্ন দেখছেন তিনি। তাঁর এই ব্যতিক্রমী আবদার ইতোমধ্যে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।
গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। অন্যদিকে ওমর সানী রয়েছেন বাংলাদেশে। ভৌগোলিক দূরত্ব থাকলেও দুজনের দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক ও ভালোবাসা নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিতে দেখা যায় এই অভিনেতাকে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন আরিফা জামান মৌসুমী। এবার ৫৩ বছরে পা রাখছেন তিনি। নব্বইয়ের দশকে পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ছবিতে নায়ক হিসেবে ছিলেন প্রয়াত সালমান শাহ। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন মৌসুমী। এরপর একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে।
‘দোলা’, ‘দেনমোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘মেঘলা আকাশ’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লাবাড়ির বউ’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ ও ‘মেহেরনিগার’ সিনেমা পরিচালনা করেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী।
১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ দাম্পত্য জীবনে দুজনই পেয়েছেন দর্শকের ভালোবাসা ও পরিচিতি। এবার স্ত্রীর জন্মদিনে দামি উপহার কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং নিজের ফেসবুক আইডিতে এক মিলিয়ন অনুসারী পূর্ণ করার আবদার জানিয়ে নতুনভাবে আলোচনায় এলেন ওমর সানী। এখন দেখার বিষয়, জন্মদিনের বিশেষ দিনে তাঁর এই প্রত্যাশা পূরণ হয় কি না!



মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!