শাহজালাল বিমানবন্দরে ৩২ লাখ টাকার পণ্য জব্দ, ৯০টি ভেপ ও স্বর্ণ উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে ৩২ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ ও শুল্কবিধি লঙ্ঘন করে আনা পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার।
গত ৬ ও ৭ নভেম্বর পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা। রোববার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসেন সুলতানা রাজিয়া নামে এক যাত্রী। বিমানবন্দরে তাঁর ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে ৯০ পিস ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, ওই যাত্রীর পাসপোর্টে চলতি বছরের ১৩ আগস্ট ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার তথ্য ছিল। একই বছরে দ্বিতীয়বার স্বর্ণালংকার আনার কারণে ব্যাগেজ বিধিমালা অনুযায়ী তা জব্দ করা হয়।
অন্যদিকে, ৭ নভেম্বর কাতার থেকে আসা কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ পণ্যের অবৈধ প্রবেশ রোধে বিমানবন্দরে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!