সাংবাদিকদের প্রতিবাদের মুখে ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ থেকে বাদ পরীমনি
চট্টগ্রামের সাংবাদিকদের তীব্র প্রতিবাদের মুখে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের আয়োজকরা।
আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির ঘটে যাওয়া ঘটনার ১৭ দিন আগেই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ ওঠার পর চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সাংবাদিকদের প্রতিবাদ ও দাবির প্রতি সমর্থন জানিয়ে আয়োজক কমিটি শেষ পর্যন্ত তাঁকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এর আগে গত শুক্রবার রাতে পরীমনি তাঁর ব্যক্তিগত ফেসবুক ওয়ালে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’
পোস্টারটি সামনে আসার পর জাতীয় একটি দৈনিকের এক প্রতিবেদক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে লেখেন, সংশ্লিষ্ট সাংবাদিক ও তাঁর পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি মীমাংসা করা না হলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত।
এরপর বিষয়টি চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিভিন্ন গণমাধ্যমকর্মীর প্রতিবাদ ও দাবির মুখে পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।
এদিকে, পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করেছেন আয়োজকরা
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!