মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

মাদকমুক্ত গেন্ডারিয়ার উদ্যোগ নিলেন সংসদ সদস্য ইশরাক, উচ্ছেদের পর হবে প্রশস্ত সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৭ ঘণ্টা আগে | ১৮ বার পড়া হয়েছে
ফন্ট:

ঢাকার গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় দীর্ঘদিনের মাদকের আস্তানা উচ্ছেদ করে ২৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেললাইনসংলগ্ন অবৈধ স্থাপনা সরিয়ে সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। সড়কটি চালু হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি মাদক নিয়ন্ত্রণেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সোমবার (২ নভেম্বর) ঘুণ্টিঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, রেললাইনের পাশে রেলের জমি দখল করে প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এসব স্থাপনায় মাদক সেবন, বিক্রিসহ নানা অবৈধ কর্মকাণ্ড চলত। এরই মধ্যে শ্যামপুর অংশে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

তিনি জানান, গত দুই সপ্তাহের উচ্ছেদ কার্যক্রমে ২৬ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের পরিবেশ প্রায় তৈরি হয়েছে। কিছু স্থাপনা অপসারণের কাজ বাকি থাকলেও সেগুলোর অধিকাংশই অবৈধ ও অস্থায়ী।

সড়কটি নির্মিত হলে এলাকার বিভিন্ন মহল্লার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। সাধারণ মানুষের চলাচলের পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলও সহজ হবে।

শুধু সড়ক নির্মাণই নয়, নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে স্ট্রিট লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদার করা এবং মাদক নিয়ন্ত্রণ সহজ হবে বলে জানান সংসদ সদস্য।

ইশরাক হোসেন আরও বলেন, ঢাকা-৬ আসনের ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডসহ পুরো গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। নির্বাচনি এলাকার মাদকের স্পটগুলো পর্যায়ক্রমে পুরোপুরি নির্মূল করা হবে। এ কাজে জনগণ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি সড়ক নির্মাণে রেল প্রতিমন্ত্রী ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সহযোগিতার কথাও উল্লেখ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, পুলিশের ওয়ারী জোনের উপকমিশনার, গেন্ডারিয়া ও শ্যামপুর থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জন দুর্ভোগ

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

মাদকমুক্ত গেন্ডারিয়ার উদ্যোগ নিলেন সংসদ সদস্য ইশরাক, উচ্ছেদের পর হবে প্রশস্ত সড়ক

০২ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি