মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

প্রাইভেট না পড়ায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, হাসপাতালে সপ্তম শ্রেণির ছাত্র; তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৫৬ মিনিট আগে | ১৯ বার পড়া হয়েছে
ফন্ট:

গলাচিপায় শ্রেণিকক্ষে স্কেল দিয়ে ১০ আঘাত, ঘাড়েও থাপ্পড়; আগেও দুই দফা মারধরের অভিযোগ | হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন

শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে মারধরের অভিযোগ উঠেছে পটুয়াখালীর গলাচিপায়। নিরব (১৪) নামের ওই শিক্ষার্থীকে স্কেল দিয়ে পিটিয়ে ও ঘাড়ের পাশে থাপ্পড় মেরে আহত করার অভিযোগ উঠেছে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে। শুধু এবারই নয়, এর আগেও একই কারণে ওই শিক্ষার্থীকে দুই দফায় মারধর করা হয়েছিল বলে অভিযোগ করেছে তার পরিবার।

ঘটনাটি ঘটেছে সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিকক্ষে। আহত নিরব উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামমর্দ্দন এলাকার বাসিন্দা। সোমবার রাতে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে চিকিৎসকেরা সিটি স্ক্যান করানোর পরামর্শ দিলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে যায় তার পরিবার।

ঘটনাটি ঘটেছে সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিকক্ষে। আহত নিরব উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামমর্দ্দন এলাকার বাসিন্দা। সোমবার রাতে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে চিকিৎসকেরা সিটি স্ক্যান করানোর পরামর্শ দিলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে যায় তার পরিবার।

শিক্ষার্থী ও পরিবারের অভিযোগ, আর্থিক সংকটের কারণে শিক্ষক ইকবাল হোসেনের কাছে প্রাইভেট পড়া বন্ধ করে দেওয়ার পর থেকেই বিভিন্ন অজুহাতে নিরবকে মারধর করা হচ্ছে। এর আগে দুই দফায় তাকে যথাক্রমে ২৬ ও ৩২টি আঘাত করা হয়েছিল বলেও অভিযোগ করেছে শিক্ষার্থী।

নিরব জানায়, আগে এক মাস শিক্ষক ইকবাল হোসেনের কাছে প্রাইভেট পড়ত সে। পরে পরিবারের আর্থিক সমস্যার কারণে পড়া বন্ধ করে দেওয়া হয়। এরপর শিক্ষক বিভিন্ন সময় আবারও তার কাছে প্রাইভেট পড়তে বলেন। কিন্তু পড়তে না যাওয়ায় আগেও তাকে মারধর করা হয়েছে। সর্বশেষ সোমবার শ্রেণিকক্ষে পেছনের বেঞ্চে বসা এক শিক্ষার্থীর দুষ্টুমির অভিযোগে তাকে স্কেল দিয়ে ১০টি আঘাত করেন শিক্ষক। একপর্যায়ে ঘাড়ের পাশেও থাপ্পড় মারেন।

নিরবের বাবা জাকির হোসেন নোয়াখালীর একটি মুরগির ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, কয়েক মাস আগে শিক্ষক ইকবাল হোসেন ফোন করে ছেলেকে কয়েকটি বিষয়ে প্রাইভেট পড়ানোর কথা বলেছিলেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে ছেলেকে প্রাইভেট পড়ানো সম্ভব নয় বলে জানিয়ে দেন তিনি।

জাকির হোসেনের অভিযোগ, এরপর থেকেই বিভিন্ন অজুহাতে তার ছেলেকে মারধর করা হচ্ছে। তিনি বলেন, আগে ছেলের দুষ্টুমির কারণে শিক্ষক শাসন করছেন ভেবে বিষয়টি গুরুত্ব দেননি। কিন্তু এবার ছেলের শারীরিক অবস্থা দেখে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকের কাছে জানতে চেয়েছেন, তার ছেলের অপরাধ কী। পড়াশোনায় দুর্বলতা বা দুষ্টুমি থাকলে অভিভাবককে জানানো যেত, কিন্তু এভাবে মারধর করার প্রয়োজন কী?

তিনি আরও বলেন, তার ছেলে আটটি বিষয়ে পড়াশোনা করে। অন্য কোনো শিক্ষক তার বিরুদ্ধে এমন অভিযোগ করেননি। তাহলে শুধু একজন শিক্ষকের কাছেই কেন সে খারাপ শিক্ষার্থী হিসেবে বিবেচিত হচ্ছে?

ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বিষয়টি সমাধানের চেষ্টা করেন জাকির হোসেন। কিন্তু ছেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন। এতে প্রায় ১৫ থেকে ১৬ হাজার টাকা খরচ হতে পারে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে এই ব্যয় বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

তিন সন্তানের জনক জাকির হোসেন বলেন, অনেক কষ্টে সন্তানদের পড়াশোনার খরচ চালাচ্ছেন তিনি। সন্তানরা লেখাপড়া শিখে ভালো মানুষ হবে—এটাই তার স্বপ্ন। কোনো শিক্ষার্থী দুষ্টুমি করলে কিংবা পড়াশোনায় দুর্বল হলে শিক্ষক তাকে বুঝিয়ে সংশোধন করবেন। মারধর করে তার ভবিষ্যৎ নষ্ট করবেন না।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. ইকবাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন জানান, ঘটনাটি জানার পর মঙ্গলবার বিদ্যালয়ে একটি সভা আহ্বান করা হয়েছিল। তবে ওই সভায় অভিযুক্ত শিক্ষক উপস্থিত হননি। অভিযোগ তদন্তে তিনজন সহকারী শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষকদের প্রাইভেট পড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। অভিযুক্ত শিক্ষক প্রাইভেট পড়ান কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হবে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।

একটি শিশুর শিক্ষাজীবন গড়ে তোলার দায়িত্ব শিক্ষকের হাতে। অথচ সেই শিক্ষকের বিরুদ্ধেই যদি প্রাইভেট না পড়ার কারণে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠে, তাহলে তা শুধু একটি পরিবারের নয়, পুরো শিক্ষাব্যবস্থার জন্যই উদ্বেগের বিষয়। এখন এলাকাবাসীর প্রত্যাশা—সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

প্রাইভেট না পড়ায় শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, হাসপাতালে সপ্তম শ্রেণির ছাত্র; তদন্ত কমিটি গঠন

১০ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি