মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গাজীপুরের চন্দ্রায় ধারাবাহিক অগ্নিসংযোগ, পুড়ল বাস ও কাভার্ডভ্যান

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ২০ ঘণ্টা আগে | ২৮ বার পড়া হয়েছে
ফন্ট:

সন্ধ্যায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, রাতে কাভার্ডভ্যানে আগুন; ফায়ার সার্ভিসের দুই ইউনিটের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন।

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় একের পর এক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সন্ধ্যায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে এবার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটির সামনের অংশে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া। পথচারীদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা ত্রিমোড়ের কাজলী ফার্ম এলাকায় আজমেরি গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, চন্দ্রা ত্রিমোড়ের অদূরে একটি কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে কারা এবং কী কারণে এসব অগ্নিসংযোগ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় চন্দ্রা এলাকায় জননিরাপত্তা ও মহাসড়কে যানবাহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

গাজীপুরের চন্দ্রায় ধারাবাহিক অগ্নিসংযোগ, পুড়ল বাস ও কাভার্ডভ্যান

১০ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি