গভীর রাতে মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী; আইসিইউতে ৩
ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড | পুড়ে ছাই লাইব্রেরি, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি, হাসপাতালে ভর্তি ৪৮ জন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৪৮ শিক্ষার্থী। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচতলা মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
মাদ্রাসার দ্বিতীয় তলায় থাকা লাইব্রেরিটি আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)—এই তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আইসিইউতে নেওয়া হয়েছে।
চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে অনেকে ধোঁয়ায় আক্রান্ত হন। কয়েকজনের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় রাতের অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা, ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি বহির্গমন ব্যবস্থার বিষয়গুলো নতুন করে সামনে এসেছে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!