মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১১ ঘণ্টা আগে | ৩৭ বার পড়া হয়েছে
ফন্ট:
শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য ও রাজনীতিবিদরা। ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী, আনতালিয়ায় বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন (কপ-৩১)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সফরসূচি অনুযায়ী, ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পাবে।

বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশের দাবি, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলোতে প্রধানমন্ত্রীর বক্তব্য ও কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, সফর শেষে আগামী শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি