মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

পোশাকশ্রমিকদের বেতন ৩২ হাজার করার প্রস্তাব! জানুয়ারিতেই মিলতে পারে বাড়তি বেতন

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ২১ ঘণ্টা আগে | ২৮ বার পড়া হয়েছে
ফন্ট:

শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব | ডিসেম্বরেই চূড়ান্ত হবে নতুন মজুরি কাঠামো। 

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। পাশাপাশি নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে। নতুন এই মজুরি কাঠামো নিয়ে আলোচনা শুরু হওয়ায় দেশের লাখো পোশাকশ্রমিকের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব তুলে ধরেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

সভা শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি জানান, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি বিজিএমইএর প্রতিনিধি দল। ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে কারখানার কার্যক্রমে বেশি মনোযোগ দিতে হচ্ছে জানিয়ে প্রস্তাব তৈরির জন্য সাত কার্যদিবস সময় চান মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন।

তবে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, মালিকপক্ষকে চার কার্যদিবসের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী স্পষ্ট জানিয়েছেন, নির্ধারিত সময়ে মালিকপক্ষ প্রস্তাব জমা না দিলেও মজুরি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তাদের প্রস্তাবের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করা হবে না।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, শ্রমিকদের বাস্তব অবস্থা ও প্রত্যাশা জানতে চলতি সপ্তাহেই বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে পোশাক কারখানা পরিদর্শন করবেন বোর্ডের সদস্যরা। পাশাপাশি আন্তর্জাতিক মজুরি নির্ধারণের সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে।

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে। বোর্ডের প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, নতুন কাঠামো ডিসেম্বর থেকেই কার্যকর হবে এবং শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত বেতন হাতে পেতে পারেন।

এখন দেখার বিষয়, শ্রমিকদের ৩২ হাজার টাকার প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষ কী প্রস্তাব দেয় এবং শেষ পর্যন্ত নতুন মজুরি কাঠামোয় কতটা প্রতিফলিত হয় শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও প্রত্যাশা।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

পোশাকশ্রমিকদের বেতন ৩২ হাজার করার প্রস্তাব! জানুয়ারিতেই মিলতে পারে বাড়তি বেতন

১০ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি