মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

একটি ব্রিজের অভাবে ৭ হাজার মানুষের দুর্ভোগ, জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যায় ৫০০ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৫ ঘণ্টা আগে | ২২ বার পড়া হয়েছে
ফন্ট:

২৪০ ফুটের বাঁশের সাঁকোই একমাত্র ভরসা, প্রতিদিন দুর্ঘটনার শঙ্কা নিয়ে স্কুলে যায় শিশুরা; ব্রিজ নির্মাণে এমপি ও প্রতিমন্ত্রী নুরুল হকের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর।

একটি ব্রিজের অভাবে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তিন গ্রামের প্রায় সাত হাজার মানুষ। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে প্রায় ৫০০ শিক্ষার্থীকে। কখনো পা পিছলে খালে পড়ে যাওয়া, কখনো বই-খাতা পানিতে হারিয়ে ফেলা—এমন আতঙ্ক নিয়েই চলছে তাদের শিক্ষাজীবন। সন্তানদের নিরাপদ যাতায়াত নিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরাও।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামে নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে একটি বড় খাল। খালটির ওপর নির্মিত নেই কোনো স্থায়ী সেতু বা ব্রিজ। ফলে স্থানীয়রা নিজেদের উদ্যোগে প্রায় ২৪০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। এটিই এখন তিন গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা।

প্রতিদিন এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ এবং দুই বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। কিন্তু সরু ও ঝুঁকিপূর্ণ সাঁকোটি দিয়ে শিশু, নারী ও বয়স্কদের চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা জানায়, প্রতিদিন এই সাঁকো দিয়েই তাকে বিদ্যালয়ে যেতে হয়। চলাচলের সময় প্রায়ই পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। বিশেষ করে ছোট শিশুদের জন্য ঝুঁকি আরও বেশি। অনেক শিশু সাঁতার না জানায় খালে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। যাতায়াতের এমন ঝুঁকির কারণে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতেও অনীহা প্রকাশ করছেন।

একই দুর্ভোগের কথা জানায় নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া। তার ভাষায়, প্রতিদিন সাঁকো পার হয়ে স্কুলে আসা-যাওয়া করতে হয়। অনেক সময় বই-খাতা খালে পড়ে যায়। এতে পড়াশোনার ক্ষতি হয়। সব সময় বাবা-মাও স্কুলে পৌঁছে দিতে পারেন না। তাই তাদের দাবি, এখানে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা হোক।

পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের আরিফ হোসেন বলেন, এই সাঁকো দিয়ে তিনটি ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ চলাচল করেন। বিশেষ করে স্কুলের শিশুরা বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে। এখানে একটি ব্রিজ নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এলাকাবাসী।

আলগী তাফালবাড়িয়া গ্রামের আব্দুল রশিদ খা বলেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হকের কাছে তাদের দাবি, এলাকার মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত এখানে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের উত্তর পাশে থাকা বড় খালটির ওপর প্রায় ২৪০ ফুটের একটি বাঁশের সাঁকো রয়েছে। স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু অজানা কারণে এখনো ব্রিজ নির্মাণ সম্ভব হয়নি।

আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন জানান, আগে ওই স্থানে একটি পুল ছিল। সেটি ভেঙে যাওয়ার পর থেকেই এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি নতুন পুল নির্মাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

একটি স্থায়ী ব্রিজের অভাবে যেখানে হাজারো মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, সেখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। এলাকাবাসীর প্রশ্ন—আর কতদিন বাঁশের সাঁকোয় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হবে তাদের?

তাই জনদুর্ভোগ লাঘব, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত এবং তিন গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা উন্নয়নে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জন দুর্ভোগ

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

একটি ব্রিজের অভাবে ৭ হাজার মানুষের দুর্ভোগ, জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যায় ৫০০ শিক্ষার্থী

১০ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি