বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের পালটাপালটি ধাওয়া, বন্ধ মেট্রোরেল স্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১৪ ঘণ্টা আগে | ২৮ বার পড়া হয়েছে
ফন্ট:

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে পোশাকশ্রমিকদের আন্দোলন। রাজধানী ঢাকাসহ দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ছড়িয়ে পড়েছে শ্রমিক অসন্তোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ ও সাভার-আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ৬৭৯টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে কাজ না করেই কারখানা থেকে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মিরপুর-১১ এলাকায় ফের সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। শ্রমিক আন্দোলনের কারণে মিরপুর মেট্রোরেল স্টেশনও বন্ধ রাখা হয়েছে।

এদিকে, শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদনে। বিজিএমইএর হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ৬৭৯টি কারখানা শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ ছিল। সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, খোলা ছিল ১ হাজার ৪৫৫টি কারখানা।

শিল্পাঞ্চলভিত্তিক হিসাবে, মিরপুরের ৩২০টি কারখানার মধ্যে ৫৫টি কারখানা থেকে শ্রমিকেরা বের হয়ে যান। এতে কাজে অংশ না নেওয়া শ্রমিকের সংখ্যা দাঁড়ায় ৫৩ হাজার ৮৪০ জন।

গাজীপুর ও ময়মনসিংহ অঞ্চলের ৮৩৬টি কারখানার মধ্যে বন্ধ ছিল ৩৮২টি। অন্যদিকে, সাভার-আশুলিয়া ও জিরানী শিল্পাঞ্চলের ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রাখেন। এ অঞ্চলে কর্মবিরতিতে ছিলেন প্রায় ৭ লাখ ৪৩ হাজার শ্রমিক।

এ ছাড়া নারায়ণগঞ্জের ১৯৯টি কারখানার মধ্যে ৯টি কারখানায় শ্রমিকেরা কাজ ছেড়ে বেরিয়ে যান। তবে চট্টগ্রামের ৩৪০টি কারখানায় কোনো শ্রমিক অসন্তোষ বা উৎপাদন বন্ধের ঘটনা ঘটেনি।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিকে কেন্দ্র করে একযোগে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় তৈরি পোশাকশিল্পে অস্থিরতা বাড়ছে। শিল্পাঞ্চলগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে দেশের পোশাকশিল্পে উৎপাদন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

জন দুর্ভোগ

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের পালটাপালটি ধাওয়া, বন্ধ মেট্রোরেল স্টেশন

০৩ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি