শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গলাচিপায় ট্রান্সফরমার চুরির চেষ্টায় জনতার হাতে আটক গণঅধিকার নেতাসহ সাবেক ইউপি সদস্য

Emon (ভেরিফাইড) | ২০ ঘণ্টা আগে | ৩৮ বার পড়া হয়েছে
ফন্ট:

পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি যেন থামছেই না। গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ উঠেছে। এতে দিনের পর দিন বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন শত শত গ্রাহক। এমন পরিস্থিতিতে এবার ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন গণঅধিকার পরিষদের গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মনির মীর।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার নলুয়াবাগী গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার সকালে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন জেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে দেখেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাঁকে পূর্ব দক্ষিণ নলুয়াবাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখা হয়।

পল্লী বিদ্যুতের জুলেখা বাজার অভিযোগ কেন্দ্রের জুনিয়র ইনচার্জ সৈয়দ আবদুল হান্নান জানান, আটক মনির মীরের কাছ থেকে রেঞ্জ, প্লাস, রড, কাটিং প্লাস ও মিনি রোলকাটারসহ ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এদিকে, একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়ছেন স্থানীয় গ্রাহকরা। উত্তর পক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান মিল্টন জানান, দেড় মাস আগে নতুনগ্রাম এলাকায় একটি ট্রান্সফরমার চুরি হলে প্রায় এক সপ্তাহ বিদ্যুৎবিহীন ছিলেন ২৫টি পরিবারের সদস্যরা।

গোলখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়ার দাবি, গত দুই মাসেই ওই এলাকায় চার থেকে পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।

গলাচিপা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জয় প্রকাশ নন্দী জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত এক বছরে ৬০ থেকে ৬৫টি ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় স্থানীয় কেউ বাদী না হলে পল্লী বিদ্যুতের পক্ষ থেকেই মামলা করা হবে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরাধ ও অনুসন্ধান

গলাচিপায় ট্রান্সফরমার চুরির চেষ্টায় জনতার হাতে আটক গণঅধিকার নেতাসহ সাবেক ইউপি সদস্য

৩০ October ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি