মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের একটি পানের বরজের পাশের নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরীক্ষায় অংশ নেওয়ার কথা বলে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয় যুথি। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তার মা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সেদিন যুথি স্কুলে যায়নি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।
নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, যুথি নিখোঁজ হওয়ার পর তাঁদের বাড়ির মমতাজ নামের এক নারী পানের বরজের পাশে তার জুতা দেখতে পান। পরে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের নালার ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় যুথির মরদেহ উদ্ধার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!