রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৯
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিস্ফোরিত ককটেলের অংশ, পেট্রল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একজন ভিকটিমকে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ৪৬ জন, ওয়ারীতে ৬৬ জন, মতিঝিলে ৫১ জন, তেজগাঁওয়ে ৭৫ জন, মিরপুরে ১৫২ জন, গুলশানে ৬৯ জন এবং উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, দুই লিটার পেট্রল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ছাড়া আটটি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
রাজধানীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!