বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

গলাচিপা বিএনপির কোন্দল নিরসনে কেন্দ্রের উদ্যোগ, ঐক্য ফেরাতে মাঠে আকন কুদ্দুসুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১ ঘণ্টা আগে | ২৩ বার পড়া হয়েছে
ফন্ট:

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার; একক প্রার্থী, কমিটি পুনর্গঠন ও বঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ।

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও দীর্ঘদিনের কোন্দল নিরসনে উদ্যোগ নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে মাঠে নেমেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

উপজেলা বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আকন কুদ্দুসুর রহমান বলেন, দলকে শক্তিশালী করতে হলে অভ্যন্তরীণ বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, কমিটি গঠন, নির্বাচনী প্রস্তুতি এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলের একক প্রার্থী নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, দলের প্রতি ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। ব্যক্তিগত বিরোধ ও গ্রুপিং পরিহার করে দলীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।

এদিকে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে জোটের প্রার্থীকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব ও মতপার্থক্য নিরসনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

দলীয় সূত্রে জানা গেছে, ওই নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করা এবং বর্তমানে আহ্বায়ক কমিটির বাইরে থাকা নেতাকর্মীদের একটি অংশকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তাঁদের সঙ্গে সমন্বয়ের পাশাপাশি কমিটি গঠন ও পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়েছে। সভায় তৃণমূল নেতাকর্মীদের মতামত শোনেন জেলা ও বিভাগীয় নেতারা।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীতে কমিটির বাইরে থাকা নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সদস্যসচিব আলতাফ হোসেন খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গলাচিপা বিএনপিতে বিভেদ দূর করে সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনার এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। এখন দেখার বিষয়, কেন্দ্রীয় নেতৃত্বের এই উদ্যোগে দীর্ঘদিনের বিরোধ কতটা নিরসন হয় এবং তৃণমূল পর্যায়ে দল কতটা ঐক্যবদ্ধ হতে পারে।

রাজনীতি

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

গলাচিপা বিএনপির কোন্দল নিরসনে কেন্দ্রের উদ্যোগ, ঐক্য ফেরাতে মাঠে আকন কুদ্দুসুর রহমান

০৫ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি