বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

ইয়াবা ছিনতাইয়ের জেরে টেকনাফের গহিন পাহাড়ে দুইজনকে হত্যার অভিযোগ, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৬ ঘণ্টা আগে | ২৪ বার পড়া হয়েছে
ফন্ট:

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। ৩০ হাজার পিস ইয়াবা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে ধরে নিয়ে গহিন পাহাড়ে নির্যাতন করা হয়। এতে দুজনের মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুজনকে।

বুধবার (৪ নভেম্বর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাহাড় ও মুরুং পাহাড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দুস সালামের ছেলে মোকতার কামাল (৪০) এবং ২ নম্বর ওয়ার্ডের আমতলী ঘোনা এলাকার কালু ফকিরের ছেলে মো. আকবর প্রকাশ আব্বুইয়া (৩৬)। আহতরা হলেন আলী আহমদ ও মো. ইলিয়াস।

উদ্ধার হওয়া মো. ইলিয়াসের ভাষ্য অনুযায়ী, ৩-৪ দিন আগে হোয়াইক্যংয়ের তুলাতলি এলাকার মিজান নামের এক ব্যক্তি এক লাখ পিস ইয়াবা তাঁর মাদক ব্যবসায়িক অংশীদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য চারজনের সঙ্গে চুক্তি করেন। পরে তাঁরা ইয়াবার চালান নিয়ে নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে ৩০ হাজার পিস ইয়াবা ছিনতাই হয়।

এ ঘটনার পর ছিনতাই হওয়া ইয়াবা উদ্ধার এবং তা স্বীকার করানোর কথা বলে মিজানের ভাড়াটে লোকজন চারজনকে তাঁদের বাড়ি থেকে ধরে নিয়ে গহিন পাহাড়ের একটি আস্তানায় আটকে রেখে নির্যাতন করেন বলে অভিযোগ করেন ইলিয়াস। একপর্যায়ে নির্যাতনে মোকতার কামাল ও আকবরের মৃত্যু হয়। পরে তাঁদের ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

সকালে স্থানীয়রা পাহাড়ে মরদেহ ও আহত ব্যক্তিদের পড়ে থাকতে দেখে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহসহ আহত দুজনকে উদ্ধার করে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে হ্নীলার পানখালী ভিলেজার পাড়া ও পাহাড় থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

অপরাধ ও অনুসন্ধান

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

ইয়াবা ছিনতাইয়ের জেরে টেকনাফের গহিন পাহাড়ে দুইজনকে হত্যার অভিযোগ, আহত ২

০৪ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি