হাম আতঙ্কে দেশ, ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু; মোট প্রাণহানি ১,২৬৯
নতুন করে হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৫ রোগী, শনাক্ত ৭৭ জন; চলতি বছরে সন্দেহজনক আক্রান্ত ২ লাখ ৩৪ হাজার ছাড়াল।
দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গ মিলিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ জনে।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৫ জন। তাঁদের মধ্যে ৭৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫২০ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৩১, বরিশালে ১৫৮, সিলেটে ১৪৪, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৯১, রাজশাহীতে ৪২ এবং রংপুরে ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৯ জনে।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ১৫০ জনের।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর এই পরিসংখ্যান জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা, সময়মতো চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম জোরদার করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!