বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির বিধান, সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বড় পরিবর্তনের উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৬ ঘণ্টা আগে | ১৮ বার পড়া হয়েছে
ফন্ট:

সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি নেওয়ার বিধান রাখার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। একই সঙ্গে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬-এর খসড়ায় সাংবাদিকদের মতামত ও সুপারিশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার ও হয়রানি প্রতিরোধে যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সংবাদমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সংবাদের কারণে সাংবাদিক কিংবা গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আদালতের পূর্বানুমতির বিধান রাখার বিষয়ে আলোচনা ও নীতিগত ঐকমত্য হয়।

এ ছাড়া মানহানি, হেয় প্রতিপন্ন করা এবং সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে আইনের সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব উঠে আসে। মানহানির সংজ্ঞা ও শাস্তির ক্ষেত্রে দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্য রাখা এবং গুজব ও অপতথ্যের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

খসড়া আইনে মোবাইল কোর্টের বিধান না রাখা, কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ জানানো এবং ব্লক করা কনটেন্ট পুনরায় অবমুক্তির আবেদনের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে।

পাশাপাশি কোনো সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে লিখিত নোটিশ প্রদান এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার প্রস্তাবও উঠে আসে।

সভায় সাইবার সুরক্ষা কাউন্সিলে গণমাধ্যমের প্রতিনিধিত্ব, সদস্য কাঠামো এবং আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে পরামর্শের বিষয়েও আলোচনা হয়। জাতিসংঘ, উন্নয়ন সহযোগী সংস্থা এবং মেটার মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে আলোচনা করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় জানানো হয়, অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে সংশোধিত খসড়াটি আরও পরিমার্জন করে ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে। এরপর জনসাধারণের মতামত নিয়ে আইনটিকে আরও গ্রহণযোগ্য, কার্যকর ও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

সভায় বক্তারা বলেন, সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রেখেই আইন প্রণয়ন করতে হবে। কোনোভাবেই যেন সাইবার সুরক্ষা আইন সাংবাদিক বা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে হয়রানির হাতিয়ার হয়ে না ওঠে, তা নিশ্চিত করতে হবে।

সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হয়। এ সময় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির বিধান, সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বড় পরিবর্তনের উদ্যোগ

০৪ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি