বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী - সন্তানও

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৬ ঘণ্টা আগে | ১৯ বার পড়া হয়েছে
ফন্ট:

আলিম পাস করে গড়েছিলেন সংসার, আজ ছোট্ট ঘরেই কাটছে জীবন; ছেলের চিকিৎসায় জমি বিক্রি করেও অসহায় বাবা।

একসময় স্বাভাবিক জীবন ছিল, ছিল সংসার ও স্বপ্ন। কিন্তু হঠাৎ মানসিক অসুস্থতায় বদলে যায় সবকিছু। এক যুগ ধরে ছোট্ট একটি ঘরের লোহার গ্রিলের ভেতর বন্দি হয়ে মানবেতর জীবন কাটছে ৩৮ বছর বয়সী শামীম হাওলাদারের। অর্থাভাবে মিলছে না প্রয়োজনীয় চিকিৎসা। ছেলের চিকিৎসায় জমিজমা বিক্রি করেও শেষ পর্যন্ত অসহায় হয়ে পড়েছেন বাবা।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সাড়ে পাঁচ আনী গ্রামের বাসিন্দা শামীম। পরিবারের দাবি, মানসিক ভারসাম্য হারানোর পর তাঁর আচরণ আক্রমণাত্মক হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে প্রথমে তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এ অবস্থায় একমাত্র কন্যাসন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান তাঁর স্ত্রী।

বুধবার (৪ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, ইট দিয়ে তৈরি ছোট্ট একটি ঘরের প্রবেশপথে বসানো হয়েছে লোহার গ্রিল। সেই গ্রিলের ফাঁক দিয়েই নিয়মিত খাবার দেওয়া হয় শামীমকে। এভাবেই দীর্ঘদিন ধরে বন্দিদশায় কাটছে তাঁর জীবন।

শামীমের চাচাতো ভাই বাবুল হোসেন জানান, শামীম আলিম পাস করে স্বাভাবিকভাবেই সংসার জীবন শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ মানসিক ভারসাম্য হারিয়ে সামনে যাকে পেতেন, তাকেই মারধর করতেন। একপর্যায়ে চার বছর শিকল দিয়ে বেঁধে রাখার পর তাঁকে ছোট্ট একটি পাকা ঘরে লোহার গ্রিল দিয়ে আটকে রাখা হয়।

শামীমের বাবা কালাম হাওলাদার বলেন, ছেলের চিকিৎসার জন্য জমি বিক্রি করেছেন, মানুষের কাছ থেকে ধারদেনাও করেছেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও কোনো সুফল পাননি। এখন আর্থিক সংকটে ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এদিকে বিষয়টি জানার পর প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। তিনি জানান, শামীমের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে।

এক যুগের বন্দিদশা, চিকিৎসার অভাব আর অসহায় পরিবারের এই গল্প এখন মানবিক সহায়তার অপেক্ষায়। শামীমের জন্য প্রয়োজন যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং পরিবারের পাশে দাঁড়ানোর সম্মিলিত উদ্যোগ।

সারাদেশ

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

এক যুগ ধরে লোহার খাঁচায় বন্দি শামীম, ছেড়ে গেছে স্ত্রী - সন্তানও

০৪ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি