এক শিক্ষক, এক শিক্ষার্থী—তবুও পাসের খাতায় শূন্য!
একজন শিক্ষক, একজন এইচএসসি পরীক্ষার্থী—অথচ সেই একমাত্র পরীক্ষার্থীও পাস করতে পারেননি। পটুয়াখালীর সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজের এমন ফলাফল ঘিরে প্রশ্ন উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও পরিচালনা ব্যবস্থা নিয়ে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেন আফরিন আক্তার নামে এক শিক্ষার্থী। তবে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় কলেজটির পাসের সংখ্যা এবারও শূন্য। এর আগেও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেননি তিনি।
২০২৩ সালে কলেজ শাখার কার্যক্রম শুরু হলেও প্রতিষ্ঠার কয়েক বছরেও গড়ে ওঠেনি নিয়মিত পাঠদান ব্যবস্থা। প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত হয়নি। অধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, তিনি ছাড়া কলেজে নেই আর কোনো শিক্ষক। কার্যত বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবু তালেব জানান, কলেজে একজন মাত্র পরীক্ষার্থী ছিলেন, তিনিও অকৃতকার্য হয়েছেন। প্রতিষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ না থাকায় নিজেও বিপাকে রয়েছেন তিনি।
একদিকে শিক্ষক সংকট, অন্যদিকে নিয়মিত পাঠদান নেই—এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার প্রতিষ্ঠানটিই যদি শিক্ষা কার্যক্রম চালাতে না পারে, তাহলে এর দায় নেবে কে?
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুরের এই শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্র এখন স্থানীয় শিক্ষা ব্যবস্থার তদারকি ও জবাবদিহি নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে।


মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!