ষষ্ঠ শ্রেণি থেকেই এআই শিক্ষা, প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়তে বড় উদ্যোগ সরকারের!
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় উদ্যোগ সরকারের | ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা, শিক্ষার্থীরা শিখবে রোবোটিকস, মেশিন লার্নিং ও ফ্রিল্যান্সিং।
প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রজন্মকে দক্ষ করে তুলতে দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু এআই ব্যবহারের কৌশলই নয়, রোবোটিকস, মেশিন লার্নিং, অটোমেশনসহ ভবিষ্যতের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৩-এর সরকারি দলের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণসংক্রান্ত (বিধি-৭১) নোটিশের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বায়নের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অপরিহার্য হয়ে উঠেছে। এর গুরুত্ব কোনোভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই। নতুন প্রজন্মকে এআই-সম্পর্কিত জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
প্রস্তাবিত শিক্ষাক্রম অনুযায়ী, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-চালিত বিভিন্ন টুল, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবোটিকস সম্পর্কে জানবে।
সপ্তম শ্রেণিতে যুক্ত হচ্ছে এআইভিত্তিক সার্চ টুল, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার এবং ইন্টারনেট অব থিংস বা আইওটির ব্যবহারিক প্রয়োগ। অষ্টম শ্রেণিতে শিক্ষার্থীরা শিখবে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং এবং সরকারি ই-সেবা সম্পর্কে।
নবম ও দশম শ্রেণিতে গুরুত্ব পাবে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ই-কমার্স, রোবোটিকস ও ন্যানোটেকনোলজি। আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে এআইয়ের মৌলিক ধারণা এবং শিক্ষা, দৈনন্দিন জীবন ও পেশাগত ক্ষেত্রে এর প্রয়োগ শেখানো হবে।
শিক্ষামন্ত্রী জানান, এআই শিক্ষা শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ করবে না, বরং এআই থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাই, মূল্যায়ন ও বাছাই করার সক্ষমতাও তৈরি করবে। পাশাপাশি দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহার, অনলাইন নিরাপত্তা ও সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে।
প্রযুক্তিনির্ভর শিক্ষার অবকাঠামো গড়ে তুলতেও বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের নির্বাচিত প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রস্তাবিত ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট’-এর আওতায় এক হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ইউনেস্কোর ডিজিটাল লার্নিং উইকে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হয়েছে। এআই-সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষায় প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও কাজ করছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!