আবারও দেশসেরা গলাচিপা, জন্ম-মৃত্যু নিবন্ধনে ১৬৩ শতাংশ অর্জন
পটুয়াখালীর গলাচিপা আবারও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। অক্টোবর মাসের কর্মসম্পাদন মূল্যায়নে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬৩ শতাংশ অর্জন করে সারা দেশের উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে উপজেলাটি।
শিশুর জন্ম থেকে শুরু করে নাগরিকের মৃত্যু পর্যন্ত রাষ্ট্রীয় তথ্যভান্ডারে তথ্য সংরক্ষণের এ গুরুত্বপূর্ণ কার্যক্রমে গলাচিপার এই সাফল্য স্থানীয় প্রশাসনের দক্ষতা ও সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে গলাচিপা উপজেলায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি এবং মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধনসহ সামগ্রিক কার্যক্রমে গড়ে ১৬৩ শতাংশ অর্জন করে দেশসেরা হয় উপজেলাটি।
সোমবার (৯ নভেম্বর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রকাশিত তথ্য থেকে এ ফলাফল জানা যায়।
মূল্যায়নে গলাচিপার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা। তাদের অর্জন ১৪১ শতাংশ। ১৩৪ শতাংশ অর্জন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কেবল প্রশাসনিক কার্যক্রম নয়, এটি নাগরিকের আইনগত পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। তাই নির্ভুল তথ্য সংরক্ষণ, সময়ানুবর্তিতা এবং সেবার মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি এ সাফল্যের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। একই সঙ্গে এ অর্জন ধরে রাখার পাশাপাশি শতভাগ নিবন্ধন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশসেরা হওয়ার অনুভূতি প্রকাশ করে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, এ অর্জনে তিনি আনন্দিত। পাশাপাশি জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের সঠিক নির্দেশনা ও দূরদর্শিতার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথমবারের মতো দেশসেরা হয়েছিল গলাচিপা উপজেলা। এ ছাড়া এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত টানা চার মাস সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখায় ইউএনও আবুজর মো. ইজাজুল হক বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।
এরও আগে ২০২৪-২০২৫ অর্থবছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দুইবার দেশসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন দুমকী উপজেলার তৎকালীন ইউএনও আবুজর মো. ইজাজুল হক।
গলাচিপার এই অর্জন শুধু একটি র্যাঙ্কিং নয়, বরং নাগরিক সেবা আরও গতিশীল, সহজ ও জনবান্ধব করার ক্ষেত্রে উপজেলার প্রশাসনিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!