স্ত্রীর ডিভোর্সের কাগজ পেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্ত্রীর কাছ থেকে বিচ্ছেদের কাগজ হাতে পাওয়ার পর কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন আমিন মিয়া (নামে) এক যুবক।
শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের এক নারীকে বিয়ে করেন কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আমিন মিয়া। তাঁদের সংসারে রয়েছে একটি কন্যাসন্তান।
পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত আমিন মিয়া ঢাকায় একটি হোটেলে স্ত্রীর সঙ্গে কাজ করতেন। সেখানে তিনি রান্নার কাজ করতেন এবং স্ত্রী সহযোগিতা করতেন। অভিযোগ রয়েছে, নিজের উপার্জনের পাশাপাশি স্ত্রীর বেতনের টাকাও নেশার জন্য নিয়ে নিতেন তিনি। এ নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ হতো।
একপর্যায়ে স্বামীর এমন আচরণে অতিষ্ঠ হয়ে স্ত্রী ঢাকার কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসেন। শনিবার স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়িতে যান আমিন মিয়া। সেখানে স্ত্রী তাঁর হাতে বিচ্ছেদের কাগজ তুলে দেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে বাড়ির বাইরে গিয়ে কীটনাশক পান করেন তিনি বলে স্বজনরা জানিয়েছেন।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, কীটনাশক পান করা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। তবে অভিযোগ পেলে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!