বিশ্ববাজারে তেলের দাম আবার বাড়ল
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা যেন কাটছেই না। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের ভেতরেই রাখার ঘোষণা এবং দেশটির পারমাণবিক কার্যক্রম সীমিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিকে কেন্দ্র করে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। আর দুই দেশের এই টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
এরই মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বুধবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ ডলার ৭৬ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে হয়েছে ৮৬ ডলার ৫৩ সেন্ট।
অথচ যুদ্ধ পরিস্থিতির অবসানের আশায় চলতি মাসের শুরু থেকেই তেলের বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছিল। এ সময়ে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম কমেছিল যথাক্রমে প্রায় ২১ ও ১৭ শতাংশ।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর মঙ্গলবার প্রথম দফায় তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারেরও বেশি কমে যায়। তবে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তার পক্ষ থেকে দুই দেশের মধ্যে কোনো আলোচনা চলছে না বলে জানানোর পর বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়।
এদিকে তেল সরবরাহ পরিস্থিতি নিয়েও বাড়ছে উদ্বেগ। অক্টোবরে ওপেক প্লাসের অপরিশোধিত তেল উৎপাদন বাড়লেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য বলছে, গত অক্টোবরে ৩৭টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার ঘটনা।
এক্সএস ডটকমের ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান সাইমন-পিটার মাসাবনির মতে, কূটনৈতিক তৎপরতায় কিছু ইতিবাচক ইঙ্গিত মিললেও সমুদ্রপথে জাহাজ চলাচলের ঝুঁকি এখনো কাটেনি। এমনকি রাজনৈতিক সমঝোতা হলেও দ্রুত স্বাভাবিক হবে না জাহাজ চলাচল।
এলএসইজি অয়েল রিসার্চের ১০ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হতে সময় লাগতে পারে। কারণ, সমুদ্রের মাইন অপসারণ, বিমা ব্যয় কমানো এবং জাহাজমালিকদের নিরাপত্তার নিশ্চয়তা—সবকিছুই স্বাভাবিক সরবরাহ পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক টানাপোড়েনের পাশাপাশি হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি এখন বিশ্ব জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!