পায়রা বন্দরের বহির্নোঙরে ৬২ হাজার টন কয়লাবোঝাই জাহাজ, খালাস শুরু
পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পৌঁছেছে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল ‘এমভি এমবিএস তাইসি’। জাহাজটির আনা কয়লা পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে প্রায় সাড়ে ১৩ মিটার গভীরতার জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে। উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থান নেওয়া জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লাবোঝাই করে যাত্রা শুরু করে জাহাজটি।
পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস শুরু হয়েছে। অর্ধেকের বেশি কয়লা খালাসের পর মাদার ভ্যাসেলটি বন্দরের টার্মিনালে এসে অবশিষ্ট কয়লা খালাস করবে।
বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান বলেন, মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে। বুধবার থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস শুরু হয়েছে। অর্ধেকের বেশি কয়লা খালাস হলে জাহাজটি বন্দরের টার্মিনালে এসে বাকি কয়লা খালাস করবে।
বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান বলেন, এখন থেকে এভাবেই বন্দরে একের পর এক জাহাজ আসতে থাকবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে পায়রা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!