গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল দুই সদস্যের
তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন আরও কয়েকজন; নিহতদের পরিবার পাবে ৩ লাখ টাকা করে সহায়তা ও চাকরির আশ্বাস।
রাজধানীতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে এসে তীব্র গরমে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন দুই গ্রাম পুলিশ সদস্য। এ ঘটনায় অসুস্থ আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন—রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
শনিবার (৭ নভেম্বর) সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন গ্রাম পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি অসুস্থ সদস্যদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পাশাপাশি চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলেও জানান তিনি।
নিহত দুই সদস্যের পরিবারের সঙ্গে দেখা করে গভীর শোক ও সমবেদনা জানান প্রতিমন্ত্রী। সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
এ ছাড়া নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। সরকারি খরচে মরদেহ দুটি নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং দাফন-কাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় দায়িত্ব পালন করতে গিয়ে গ্রাম পুলিশ সদস্যদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট পরিবার ও সহকর্মীদের মধ্যে।


মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!