পটুয়াখালীর ৫ উপজেলায় ১৯ ইউনিয়নে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা
মেয়াদ শেষ, থমকে যাওয়ার শঙ্কা স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ কার্যক্রম! এমন পরিস্থিতিতে পটুয়াখালীর পাঁচ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ১৯টি ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮ এর উপধারা (১) অনুযায়ী পটুয়াখালী জেলার উল্লিখিত মেয়াদোত্তীর্ণ ১৯টি, দশমিনা উপজেলার ২টি, গলাচিপা উপজেলার ৪টি, দুমকি উপজেলার ৩টি, বাউফল উপজেলার ৮টি ও কলাপাড়া উপজেলার ২টি, মোট ১৯টি মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত শর্তে প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১৮ ধারার উপধারা ১ অনুযায়ী এসব প্রশাসক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
তবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এক মেয়াদে সর্বোচ্চ ১২০ দিন দায়িত্ব পালন করতে পারবেন। আইন অনুযায়ী, এর বেশি সময় দায়িত্বে থাকার সুযোগ নেই।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ নিয়োগের ফলে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রমও অব্যাহত রাখা সম্ভব হবে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!