রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ১২ ঘণ্টা আগে | ২৫ বার পড়া হয়েছে
ফন্ট:

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান- ছবি- সংগৃহীত

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ৮০ শতাংশই থাকবেন নারী। স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী ও কার্যকর করতে সরকারের এ উদ্যোগের কথা জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস—আইদেশির ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন স্বাস্থ্য খাতে অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথ গুরুত্ব পায়নি। ফলে দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো সচেতনতা ও সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সহজেই এড়ানো সম্ভব।

তিনি বলেন, এই পরিস্থিতি পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাঁদের ৮০ শতাংশই নারী। তাঁরা সাধারণ মানুষের কাছে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

গবেষণার গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজন গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা। গত ১২ বছর ধরে আইদেশি এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি আরও বলেন, গবেষণার কাজে ধীরগতির কারণে অনেক সময় হতাশা আসতে পারে। তবে তাঁদের মনে রাখতে হবে, এই গবেষণা ও প্রচেষ্টা অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে। তাই নিজেদের কাজ নিয়ে গর্বিত হওয়া উচিত।

উল্লেখ্য, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরীর প্রতিষ্ঠিত আইদেশি বৈজ্ঞানিক গবেষণা ও মানুষের বাস্তব স্বাস্থ্যসেবার চাহিদার মধ্যে ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। ছোট পরিসরের গবেষণাগার থেকে বর্তমানে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির গবেষণা কার্যক্রমে যুক্ত রয়েছেন শতাধিক সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও গবেষক।

দিনব্যাপী আয়োজনে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যাল পণ্যের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরও বক্তব্য দেন।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

১৪ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি