শেখ মুজিবের করা আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী
শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনাকে পলাতক মানবতাবিরোধী অপরাধী আখ্যা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরা কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। তাঁর বিরুদ্ধে যেসব মামলায় দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাঁকে ভোগ করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের বহিঃপ্রকাশ। শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষার বিরুদ্ধেও এ কর্মসূচি পালন করা হয়েছে।
শেখ মুজিবুর রহমানের শাসনামলের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনিও দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।
আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, দলের অনেক নেতা বিদেশে অবস্থান করে বিলাসী জীবনযাপন করছেন। কেউ কলকাতা, কেউ থাইল্যান্ডের ব্যাংকক, আবার কেউ সিঙ্গাপুরে রয়েছেন। অথচ দেশে দলটির তৃণমূলের কর্মীদের ব্যবহার করে বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় যুবদল ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ভয়ভীতি, গুম-খুন কিংবা নির্যাতনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবে না। অতীতেও নানা নিপীড়নের মুখে তাঁরা রাজপথে লড়াই করেছেন, ভবিষ্যতেও মাথা নত করবেন না।
ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদের যেকোনো অপচেষ্টা রুখে দিতে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলা হবে।
কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!