রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | ঢাকা, বাংলাদেশ
প্রচ্ছদ লাইভ টিভি ই-পেপার

কপিরাইট © ২০২৬ পায়রা টিভি । সর্বস্বত্ব সংরক্ষিত

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

স্টাফ করেসপন্ডেন্ট (ভেরিফাইড) | ৭ ঘণ্টা আগে | ২৭ বার পড়া হয়েছে
ফন্ট:

দীর্ঘদিনের অপেক্ষা ও আর্থিক অনিশ্চয়তার অবসানের আশায় নতুন করে আশার আলো দেখছেন দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। তাঁদের এমপিওভুক্তির সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। শিগগিরই এ সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

শনিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির বিষয়ে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অর্থের সংস্থান বিবেচনায় পর্যায়ক্রমে তা বাস্তবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত সেটি কার্যকর হয়নি। বিষয়টি সংসদীয় কমিটির বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। পরে তাঁদের এমপিওভুক্তির সুপারিশ করার সিদ্ধান্ত নেয় কমিটি।

তিনি আরও জানান, সংসদীয় কমিটি বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করেছে। তবে বৈঠকের কার্যবিবরণী এখনো প্রস্তুত হয়নি। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কার্যবিবরণীর খসড়া তৈরি করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে এমপিওভুক্তির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এর আগে গত ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানিয়েছিলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপন করছেন। তাঁদের সমস্যার সমাধানে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬ হাজার ১৭৯টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে ৩ হাজার ৭৯৮টি এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে রয়েছে ২ হাজার ৩৮১টি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ২ হাজার ৭১২টি নন-এমপিও মাধ্যমিক বিদ্যালয়, ২২৩টি স্কুল অ্যান্ড কলেজ, ৮৬৩টি কলেজ, ১ হাজার ৯২টি মাদরাসা এবং ১ হাজার ২৮৯টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে সংসদীয় কমিটির সুপারিশের পরও এখনো এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে হাজারো শিক্ষক-কর্মচারীর চোখ এখন শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্তের দিকে।

জাতীয়

মন্তব্যসমূহ (০)

এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!

Emon Telecom - Premium Ad Banner

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

১৪ November ২০২৬
পায়রা টিভি
www.payratv.com payratv payratvbd
প্রতি মুহূর্তে সত্যের সন্ধানে
পায়রা টিভি