প্রতিটি মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
সুস্থ জনগোষ্ঠীই একটি সমৃদ্ধ রাষ্ট্রের মূল শক্তি। আর সেই লক্ষ্য অর্জনে প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমানই উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।
ডায়াবেটিস এখন বিশ্বজুড়ে অন্যতম বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি করতে পারে। এমনকি রোগটির জটিলতা জীবনহানির কারণও হতে পারে।
তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এখনো ডায়াবেটিসে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে রোগটি প্রতিরোধে সচেষ্ট থাকতে হবে। আর আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।
বাণীতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা সৃষ্টিতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আগামী দিনগুলোতে এ কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।




মন্তব্যসমূহ (০)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!